জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ম্যাক্সি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় জুই-যুথী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনাস্থলেই ২ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলার গোবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই এলাকার অমূল্য দাসের ছেলে তপন দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) এবং রংপুর জেলার রাশেদা বেগম।
এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে হেলেনা, পারভীন ও রেজিয়াসহ আহত হয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সকালে মির্জাপুরে জুই-যুথী পাম্পের কাছে ম্যাক্সিটি থামিয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিল। এসময় টাঙ্গাইলগামী অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান ম্যাক্সিটিকে ধাক্কা দেয়। এতে ৪ জন নিহত ও কমপক্ষে ৬ আহত হয়েছেন। ওসি আরো বলেন, নিহত লাশ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। অজ্ঞাত কাভার্ড ভ্যান ও চালককে আটকের চেষ্টা করছি।







